দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (১২ জুলাই) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানি লন্ডারিং মামলায় তাকে পলাশবাড়ীর মন্দির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, রোববার থানায় একটি মানি লন্ডারিং মামলা হয়েছে। ওই মামলায় হরিদাস চন্দ্র তরণী দাস আসামি। সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন ব্যক্তি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে পলাশবাড়ীর শ্রী শ্রী কালী মন্দিরে প্রবেশ করেন। পরে হরিদাস চন্দ্র তরণী দাসকে বাইরে ডেকে এনে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে যান।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান বলেন, মানি লন্ডারিং মামলায় সিআইডি তাকে আটক করেছে। এ ঘটনায় মন্দির এলাকায় কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে গাইবান্ধার পলাশবাড়ীতে প্রস্তাবিত ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে গত জুন মাসেই নির্মাণকাজ স্থগিত ঘোষণা করে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কর্তৃপক্ষ।
তখন মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রশ্ন, মতামত ও প্রতিবাদ ওঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং মুসলিম সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে প্রকল্পটি স্থগিত করা হয়েছে। পাশাপাশি তারা দাবি করেন, প্রশাসন, রাজনৈতিক দল বা অন্য কোনো পক্ষের চাপে নয়, নিজস্ব সিদ্ধান্তেই নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।
এমএস/